ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। বহু প্রতিক্ষার এক মহোৎসবের অপেক্ষায় প্রহর গুণছে ব্রিটিশ জনগণ। বিশ্ববাসীর উৎসাহের কেন্দ্রে পরিণত হয়েছে এই আয়োজন।
সত্তর বছর পর আরেকটি রাজ্যাভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাজ্য। প্রস্তুত ব্রিটেন, অপেক্ষায় মানুষ। সিংহাসনে আরোহনে যে পথে হেঁটেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ, ৭০ বছর পর সেই পদাঙ্কই অনুসরণ করবেন তার ছেলে চার্লস।
- রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে যাত্রা শুরু করবেন রাজা তৃতীয় চার্লস ও তার সহধর্মিনী কুইন কনসোর্ট ক্যামিলা। ঘোড়ায় টানা ডায়মন্ড জুবিলি কোচে করে তাদের রাজসিক যাত্রা ট্রাফালগার স্কয়ার হয়ে পৌঁছাবে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে।
- বিকেল ৪টায় শুরু হবে করোনেশন বা রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান। উদ্বোধনী এই অংশে যে সুর বাজবে সেটিও রাজা চার্লসের নির্বাচিত।
- রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানটি প্রায় ২ ঘণ্টার। পরিচালনা করবেন প্রথমে চার্চ অব ইংল্যান্ডের প্রধান ক্যান্টারবুরির আর্চবিশপ। রাজ্যাভিষেকে ব্যবহৃত ৭শ’ বছরের পুরনো চেয়ারের পাশে দাঁড়াবেন চার্লস। উপস্থিত ধর্মযাজকরা সমস্বরে বলে উঠবেন ‘গড সেভ দ্য কিং’।
- রাজা তৃতীয় চার্লসকে ধর্মীয় বিধি ও অর্পিত দায়িত্ব পালনে দু’ দফা শপথ পড়াবেন আর্চবিশপ।
- এরপর সোনালি পাত্র থেকে পবিত্র তেল নিয়ে চার্লসকে ছোঁয়াবেন আর্চবিশপ। পবিত্রতা রক্ষায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে পর্দার আড়ালে, যা টিভিতে দেখানো হবে না।
- এরপর সাড়ে ৩শ’ বছরের পুরনো ৪শ’ রত্ন-পাথরখচিত মুকুট রাজা তৃতীয় চার্লসের মাথায় পরিয়ে দেওয়া হবে।
- শেষ পর্যায়ে সিংহাসনে আরোহন করবেন রাজা তৃতীয় চার্লস। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এই পর্যায়ে বাবার প্রতি সম্মান দেখিয়ে হাঁটু বেড়ে ঝুঁকবেন।
- ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর চার্লস ও ক্যামিলা আরও একবার ঘোড়ার গাড়িতে চড়ে বাকিংহাম প্রাসাদে ফিরতি যাত্রা করবেন।
- প্রাসাদের ভেতরে রাজসিক সালাম গ্রহণ করবেন চার্লস ও ক্যামিলা।
- এরপর দ্রুতগতিতে বাকিংহাম প্যালেসের আকাশ কাঁপিয়ে ফ্লাই-পাস্ট করবে ব্রিটিশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যুদ্ধবিমান। জানান দেবে আনুষ্ঠানিকভাবে নতুন রাজা পেয়েছে ব্রিটেন।








