কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই ভারতের আজিঙ্কা রাহানে। নিয়মিত ছিলেন আইপিএলে। এবার সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ ব্যাটার। অবসরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ৩৮ বর্ষী তারকা।
বৃহস্পতিবার এক পোস্টে রাহানে জানান, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। রাহানে ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ৮৫ টেস্ট, ৯০ ওয়ানডে এবং ২০টি টি-টুয়েন্টি খেলেছেন।
শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট। রাহানের ক্যারিয়ারে অন্যতম সেরা মুহূর্ত ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পরও সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়।
রাহানের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। অবসর সিদ্ধান্তের কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে নতুন অধিনায়ক খুঁজতে হবে। রাহানে গত দুমৌসুমে কেকেআরকে নেতৃত্ব দিলেও উল্লেখযোগ্য সাফল্য পাননি। ২০২৬ সালে সপ্তম এবং ২০২৫ সালে অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি।
টেস্টে ৩৮.৪৬ গড়ে ১২ শতকে ৫,০৭৭ রান, ৩৫.২৬ গড়ে তিন শতকে ২,৯৬২ ওয়ানডে রান এবং ২০.৮৩ গড়ে ১১৩.২৯ স্ট্রাইক রেটে ৩৭৫ টি-টুয়েন্টি রান করেছেন রাহানে। তিনি ৬ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে নেই কোন হার। তার অধীনে ভারত চার টেস্ট জিতেছে এবং দুটি ড্র করেছে।
ভিডিও বার্তায় রাহানে বলেছেন, ‘আমার ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ের উপর নির্ভর করেছি এবং এর গুরুত্ব সবসময়ই বুঝেছি। আজ মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার এটাই সঠিক সময়। ছোটবেলায় শুধু অনুশীলনের জন্য ডোম্বিভলি থেকে আসা সেই দিনগুলো থেকে, আমি এই খেলাকে আমার সর্বস্ব দিয়েছি।’







