আন্তর্জাতিক

সৌদি আরবে বিমানবন্দরে হামলা: নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

সৌদি আরবে বিমানবন্দরে হামলা: নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবারের এ হামলায় আহত হয়েছেন ৩০৯ জন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি গতকাল এ হামলার দায় স্বীকার করেন। তার দাবি, ইয়েমেনে সৌদি আরবের হামলার জবাবে রিয়াদের বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে রয়টার্স ও এএফপি খবর প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলার ঘটনা। হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলে সেখানে ব্যাপক ভিড় তৈরি হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

প্রতিবেদন অনুযায়ী, গতকালের হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এমনকি সৌদি আরবের হুমকি শনাক্তকরণ ও সতর্কীকরণ ব্যবস্থাও কোনো সংকেত দেয়নি। এর আগে চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া বিমানবন্দরের রানওয়েতে ১১দাঁড়িয়ে থাকা সৌদি আরবের একটি বাণিজ্যিক উড়োজাহাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

রিয়াদের বিমানবন্দরে হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে এ জোট।

এরপর আজ রোববার ( ১১ অক্টোবর) ভোরে জোটের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের ওপর দিয়ে কেবল একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, গতকাল ১৫৫টি আগমনী এবং ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া মোট ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়েছে।

গত বৃহস্পতিবার এবং এর আগে চলতি সপ্তাহে হুতি গোষ্ঠীর হামলার পর বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।

বিষয়:কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবে বিমানবন্দরে হামলা হুতি সশস্ত্র গোষ্ঠী
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…