বড়দিনে নতুনভাবে ফিরছে ‘হ্যারি পটার’, থাকছে ৮ চমক

জাদুর জগৎ হগওয়ার্টসে আবারও ফিরছে হ্যারি পটার। তবে এবার বড় পর্দায় নয়, টেলিভিশন সিরিজের মাধ্যমে নতুনভাবে দেখা যাবে জে কে রাউলিংয়ের জনপ্রিয় এই জাদুকরী দুনিয়া। নতুন অভিনয়শিল্পী, নতুন সংগীত এবং গল্পের বিস্তৃত উপস্থাপনা নিয়ে এইচবিওর বহুল প্রতীক্ষিত সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের বড়দিনে।
দেখে নেওয়া যাক, এখন পর্যন্ত জানা ‘হ্যারি পটার’ সিরিজের ৮টি গুরুত্বপূর্ণ তথ্য-
১. বড়দিনে মুক্তি পাবে হ্যারি পটার
হ্যারি পটার সিরিজের প্রথম সিজন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ২৫ ডিসেম্বর। বাংলাদেশের দর্শকেরা এটি দেখতে পারবেন ২৬ ডিসেম্বর থেকে। এইচবিও, এইচবিও ম্যাক্সে সিরিজটি প্রচারিত হবে।
২. বিশ্বজুড়ে একই নামে প্রচার
মূল বইটির নাম ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। তবে যুক্তরাষ্ট্রে বই ও চলচ্চিত্রটি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ নামে পরিচিত। নতুন টিভি সিরিজটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশেই মূল ব্রিটিশ নাম ‘ফিলোসোফার্স স্টোন’ ব্যবহার করে প্রচার করা হবে।
৩.সাত বই নিয়ে সাত সিজনের পরিকল্পনা
জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের সাতটি বই অবলম্বনে সাতটি সিজন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রত্যেক সিজনে একটি করে বইয়ের গল্প তুলে ধরা হবে। ফলে চলচ্চিত্রের তুলনায় চরিত্র, ঘটনা ও জাদুর জগতের বিভিন্ন দিক বিস্তারিতভাবে দেখানোর সুযোগ পাবেন নির্মাতারা।
৪. প্রথম সিজনে থাকবে আট পর্ব
প্রথম সিজনে মোট আটটি পর্ব থাকছে। এতে হ্যারির শৈশব, ডার্সলি পরিবারের সঙ্গে তার জীবন, জাদুর জগতে প্রবেশ, রন ও হারমায়োনির সঙ্গে বন্ধুত্ব এবং ফিলোসোফার্স স্টোনকে ঘিরে রহস্য তুলে ধরা হবে। বইয়ের যেসব ঘটনা চলচ্চিত্রে বাদ পড়েছিল, সেগুলোও এবার গুরুত্ব পেতে পারে।
৫. স্নেপের চরিত্রে পাপা এসিয়েদু
নতুন সিরিজে সেভেরাস স্নেপের চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা পাপা এসিয়েদু। এর আগে মূল চলচ্চিত্রে চরিত্রটি ফুটিয়ে তুুলেছিলেন প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যান। ফলে নতুন অভিনেতার অভিনয় নিয়ে দর্শকদের মাঝে কৌতুহল রয়েছে। স্নেপের জটিল ব্যক্তিত্ব, অতীত ও হ্যারির সঙ্গে তার সম্পর্ক নতুনভাবে তুলে ধরার সুযোগ থাকছে সিরিজে।
৬. সংগীত পরিচালনায় হ্যান্স জিমার
নতুন সিরিজটির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার। তার সাথে কাজ করবে সংগীতদল ব্লিডিং ফিঙ্গার্স মিউজিক। ‘গ্লাডিয়েটর’ ও ‘ডিউন’ এর মতো চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য পরিচিত জিমার এবার হ্যারি পটারের জাদুর জগতের জন্য নতুন সংগীত তৈরি করবেন।
৭. পুরোনো চরিত্রে ফিরছেন ওয়ারউইক ডেভিস
নতুন অভিনয়শিল্পীদের পাশাপাশি পুরোনো চলচ্চিত্রের একজন পরিচিত মুখকেও দেখা যাবে সিরিজে। অধ্যাপক ফিলিয়াস ফ্লিটউইকের চরিত্রে আবারও অভিনয় করছেন ওয়ারউইক ডেভিস। মূল চলচ্চিত্র সিরিজেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ফলে পুরোনো দর্শকদের জন্য এটি বাড়তি আকর্ষণ হতে যাচ্ছে।
৮. নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন জে কে রাউলিং
হ্যারি পটার সিরিজের স্রষ্টা জে কে রাউলিং নতুন টিভি সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। সিরিজটির চিত্রনাট্য ও সৃজনশীল পরিচালনার দায়িত্বে আছেন ফ্রানচেস্কা গার্ডিনার। একাধিক পর্ব পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন মার্ক মাইলড।
হ্যারিপটারের মূল চরিত্রগুলোতে ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্টের অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এবার নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে সেই জাদুর জগৎকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন নির্মাতারা।
সাতটি বইয়ের গল্পকে সাতটি সিজনে বিস্তৃত করার পরিকল্পনা থাকায় দর্শকেরা এবার হগওয়ার্টসের আরও অনেক অজানা গল্প ও চরিত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। পুরোনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও সিরিজটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দ্য স্টেটসম্যান






