যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে জাদুবিদ্যার দায়ে দোষী সাব্যস্ত ১২ জন ৩৭০ বছরেরও বেশি সময় পর স্টেট সিনেটে নির্দোষ প্রমাণ হয়েছেন।
বিবিসি জানায়, ৩৭০ বছর আগে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে জাদুবিদ্যার দায়ে দোষী সাব্যস্ত ১২ জনের মধ্যে ১১ জনকেই সেসময় ফাঁসি দেওয়া হয়। বহু বছর আগেই জীবনাবসান হলেও অভিযুক্তদের বংশধরেরা দীর্ঘ দিনের আইনী লড়াইয়ের মাধ্যমে অবশেষে তাদের নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট স্বীকার করেছে, বহু বছর আগে ঔপনিবেশিক আমেরিকায় দেওয়া রায়টি আইনের অপপ্রয়োগ ছিল। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে এসব রায় দেওয়া হয়েছিল। দোষী সাব্যস্ত ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন কানেকটিকাট সিনেটের ৩৩ সদস্য।
বিপক্ষে ভোট দেওয়া একমাত্র সিনেটর রব স্যাম্পসন জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন অতীতের যে সময় সম্পর্কে জানা নেই, সে সম্পর্কে সঠিক বা ভুল কী ছিল তা নির্ধারণ করা ভুল।
উল্লেখ্য, ১৭ শতকে যুক্তরাষ্ট্রে জাদুবিদ্যার জন্য হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।








