বৃষ্টির পর ম্যাচ এক ঘণ্টারও বেশি বন্ধ ছিল। খেলা শুরু হওয়ার পর আফগানিস্তানের উপর চড়াও হয়েছে বাংলাদেশের বোলার। ১০ ওভারে মোস্তাফিজের পর সাকিবের জোড়া আঘাতে বিপর্যস্ত আফগান দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭১ রান। ২ বলে ২ রানে করিম জানাত এবং আজমতউল্লাহ ওমরজাই ৮ বলে ৮ রানে অপরাজিত আছেন।
বৃষ্টি বিরতির পর আবারও মাঠে নেমে দুই-এক রানের উপর জোর দিয়ে খেলতে থাকে আফগান দলটি। নবম ওভারে নবীকে আউটের তিনটি সুযোগ তৈরি হলেও নিতে পারেনি আফিফ, সাকিব ও লিটন। সহজ ক্যাচ মিস করেন সাকিব ও লিটন।
দশম ওভারে আর ভুল করেননি লিটন। মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে লুফে নেন এ উইকেটকিপার। ২২ বল খেলে নবী করে যান ১৬ রান।
১১তম ওভারে সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ডানহাতি জাদরান। ২৭ বল খেলে ২২ রান করেছেন। এরপর সাকিবের বলে বোল্ড হন বিধ্বংসী নাজিবুল্লাহ জাদরান।
খেলার অষ্টম ওভারে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। পরে সেটি ভারী বর্ষণে রূপ নেয়ায় খেলা বন্ধ থাকে। ৮টার পর আবার খেলা শুরু হয়। খেলা ১৭ ওভারে নামিয়ে নেয়া হয়েছে।
দিনের প্রথম উইকেটটি নিয়ে টি-টুয়েন্টিতে ৫০ উইকেটের ঘরে পা রেখেছেন পেসার তাসকিন আহমেদ।
পাওয়ার প্লে শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৩৪ রান। দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ৪ রান ও রহমানউল্লাহ গুরবাজ ৮ রান করে তাসকিনের শিকারে পরিণত হন।
দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।








