আফগানিস্তানে নারী মিডওয়াইফ এবং নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা ভিডিও বার্তার মাধ্যমে তাদের হতাশা ও উদ্বেগ প্রকাশ করছেন।
আজ ৪ ডিসেম্বর বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পাঁচটি আলাদা শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে, তালেবান সরকারের নির্দেশে তাদের ক্লাস বন্ধ করা হয়েছে। ফলে হাজার হাজার নারী শিক্ষার্থী তাদের পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
ভিডিও বার্তায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করে একজন শিক্ষার্থী বলেন, আমরা শুধু ব্যাগ নিয়ে বের হতে চেয়েছি, তারা আমাদের উঠোনে দাঁড়াতেও নিষেধ করেছে। আরেক শিক্ষার্থী জানান, আমাদের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, অথচ সেমিস্টারের শেষ সময় চলে এসেছে।
তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে দুইটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, এই পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে।








