বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন।
তিনি বলেন, প্রহসনমূলক এক রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে। উনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, উনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না।
আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বার বার করে বলা হয়েছে যে, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্যপ্রণোদিত, জিঘাংসাপ্রসূতভাবে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং উনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে।








