পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ির বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে তিনি বলেন, বানবাসী মানুষেরা যাতে কোনভাবেই সাহস না হারায় সে জন্য আমাদের সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বন্যা দুর্গত মানুষের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিকতার কোন ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা এফব্লক, মধ্যমপাড়া এলাকা ও উপজেলা কমপ্লেক্সে পুলিশের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হয়।
সেসময় সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল মোঃ আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








