রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান প্রকৌশলী নন, তাই স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য তার বিদেশ সফরের প্রয়োজন নেই- সম্প্রতি একটি সরকারি প্রস্তাবের ফাইলে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে কেবল নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট ওই সফরে যেতে পারেন। ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রকল্পে বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
ফ্রান্সের সিগনিফাইয়ের আমন্ত্রণে আধুনিক স্ট্রিট লাইটিং প্রযুক্তি পরিদর্শন ও প্রশিক্ষণের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটকে ফ্রান্স সফরে পাঠানোর প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই তিনি এ মত দেন।
তবে এটিই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন প্রস্তাবের ফাইলে প্রধানমন্ত্রীর একাধিক মন্তব্য প্রশাসনিক মহলে আলোচনা তৈরি করেছে।
এর আগে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম- সংক্রান্ত একটি বিদেশ সফরের প্রস্তাবেও তিনি প্রয়োজনীয়তা ও যৌক্তিকতার প্রশ্ন তোলেন। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সফরের বাস্তব প্রয়োজন কতটা, সে বিষয়টি গুরুত্ব পায় তার পর্যবেক্ষণে।
এ ছাড়া কেরানীগঞ্জে একটি প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ নিয়ে পাঠানো প্রস্তাবে তিনি মত দেন, কোনো ব্যক্তির নামে কিছু করতে হলে নতুন স্থাপনা বা নতুন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে; বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রয়োজন নেই।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব মন্তব্যে সরকারি ব্যয়ের যৌক্তিক ব্যবহার, দায়িত্বের সঙ্গে যোগ্যতার সামঞ্জস্য এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপের বার্তা পাওয়া যায়।







