বিদ্যুৎ বিক্রির বকেয়া অর্থ পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারকে কঠোর বার্তা দিয়েছে ভারতের আদানি গ্রুপ।
রোববার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের ঝাড়খন্ডের ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আদানি পাওয়ার জানিয়েছে, আর্থিক চাপ সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং জানিয়েছি পরিস্থিতি আর সহনীয় পর্যায়ে নেই।
কারণ হিসেবে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক সেভাবেই আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছেও প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান ভারতীয় সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আদানি বাংলাদেশের কাছে ৮০ কোটি ডলার পায়, তার মধ্যে ৪৯ কোটি ২০ লাখ ডলার পরিশোধে বিলম্ব হচ্ছে।
তবে বাংলাদেশ থেকে বিদ্যুৎ সরবরাহ না সরানোর প্রতিশ্রুতি দিয়ে আদানি পাওয়ার জানিয়েছে, গড্ডা কেন্দ্র ভারতীয় বিদ্যুৎব্যবস্থার সঙ্গে যুক্ত নয়। তাই কোন বিকল্প সরবরাহ বাজার খোঁজার প্রশ্নই ওঠে না।
বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করতে অন্তর্বতী সরকার এখন বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক ঋণদাতার কাছে অর্থসাহায্য চাইছে বলেও জানানো হয় দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে।








