তুমুল ব্যস্ততার মধ্যেই ১১ আগস্ট বিয়ে সেরেছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাড়াহুড়োর মধ্যেই মালদ্বীপে সেরেছেন হানিমুনও! সেখান থেকে দেশে ফিরে আবার অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন তিনি। উদ্দেশ্য শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মে অভিনয়!
নায়ক-নায়িকার বিয়ের খবরে স্বভাবতই তরুণ-তরুণীদের হৃদয় ভাঙার খবর দেখা যেত হরহামেশাই! জনপ্রিয়তা হারানোর ভয়ে তারকারাও বেশির ভাগ সময় ব্যক্তিগত প্রেম, বিয়ের খবর গোপন রাখতেন! কিন্তু সময় পাল্টেছে। তারকাদের সাহসী ভূমিকার সাথে মানিয়ে নিয়েছেন ভক্তঅনুরাগীরাও!
ফারিণের বিয়ের খবরকে স্বাগত জানাচ্ছেন হাজারও ভক্তকূল! তবুও তার আচমকা বিয়ের খবরে কেউ কেউ করছেন হাহুতাশ! বিশেষ করে তরুণরা। মজা করে সেটা সোশাল মিডয়ায় জানানও দিচ্ছেন!
বিয়ের খবরে কি সত্যিই তারকার ভক্ত অনুরাগী কমে? এ বিষয়ে মোটেও চিন্তিত নন ফারিণ। জানালেন, এসব নিয়ে কখনোই কোনো আশঙ্কা ছিলো না তার!
বিষয়টিকে খুব দারুণভাবে ব্যাখ্যা করলেন এই সময়ের মেধাবী এই অভিনেত্রী। জানালেন, ‘আমার জীবনের কোনো সিদ্ধান্ত নেব, ভক্তদের কথা ভাবতে হবে কেন? ভক্তরা আমার পর্দার কাজকে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। আর প্রিয় তারকার জীবনের ভালো কোনো কাজ, পবিত্র কাজে যদি ভক্তদের সমর্থনই না থাকে; তাহলে কিসের ভক্ত!’
ফারিণের বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর তাকে শুভ কামনা জানানোর হিড়িক পড়ে সোশাল মিডিয়ায়! সাধারণ ভক্ত থেকে শোবিজের মানুষেরাও তাকে অভিনন্দন জানান। শুধু তাই নয়, তিনি ও তার বর সোশাল মিডিয়ায় সার্চে ট্রেন্ডিংয়েও চলে আসেন। বিষয়টি চোখ এড়ায়নি ফারিণেরও। তার দাবি,‘আমার মনে হয়েছে, বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর, সবার যে পরিমাণ সাড়া পেয়েছি, মুগ্ধ আমি।’
সাড়ে ৮ বছর প্রেম করার পর গত ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন ফারিণ। সোমবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পাতায় বরের সাথে একটি ছবি দিয়ে বিষয়টি জানান তিনি।
ফারিণ জানিয়েছেন, রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান।







