বলিউড অভিনেতা ডিনো মরিয়াকে তলব করল মুম্বাই পুলিশ। প্রায় ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই মডেল-অভিনেতার।
জানা গেছে, মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডিনোকে তলব করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। পুলিশ সূত্রের খবর, এই মামলায় ৬৫ কোটি টাকারও বেশি অর্থের নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ।
কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি, জানেন কি? মূলত মিঠি মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বাইয়ে বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি পেশের মতো গরমিল তো রয়েছে। তারই পাশাপাশি রয়েছে তহবিল তছরুপের অভিযোগও।
অর্থাৎ নদীর পলি অপসারণের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, তা কখনও খরচই করা হয়নি। তদন্তে জানা গেছে, ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে। পাশাপাশি প্রায় ৩ কোটি টাকার যন্ত্রপাতিও অতিরিক্ত দরে ভাড়া করা হয়েছিল বলে জানা গেছে।
মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে যেমন, তেমনই মুম্বাইয়ের মতো শহরে আসন্ন বর্ষার প্রস্তুতিও বিশ বাঁও জলে। মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্তগুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। কিন্তু এই দুর্নীতির সঙ্গে কীভাবে অভিনেতা যুক্ত ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থেই ডাকা হয়েছে ডিনোকে।








