গেল বছর ঘোষণা এসেছিল ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি ‘আশিকী’ ছবির তৃতীয় কিস্তির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। অনুরাগ বসুর এই ছবির জন্য টি-সিরিজের সঙ্গে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। তবে আসন্ন প্রজেক্টটির নায়ক চরিত্রটি চূড়ান্ত হলেও নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে নানান গুঞ্জন।
গুঞ্জন উঠেছিল কন্নড় অভিনেত্রী আকাঙ্খা শর্মাকে দেখা যেতে পারে কার্তিকের ‘আশিকী থ্রি’ ছবিতে। তবে সেই গুঞ্জন উসকে এবার শোনা যাচ্ছে সারা আলি খান চূড়ান্ত হতে পারে কার্তিকের বিপরীতে।
জানা গেছে, অনুরাগ বসু পর্দায় কার্তিক এবং সারাকে পুনরায় জুটিবদ্ধ করতে চান। কেননা অনুরাগ সারার প্রতিভায় বিশ্বাসী এবং একই সাথে কার্তিক-সারা জুটির ‘লাভ আজ কাল’ ছবিটিতে তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন তিনি। যদিও এই বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি। তবে সম্প্রতি ‘গদর ২’র সাকসেস পার্টিতেও এক সঙ্গে দেখা মিলেছে কার্তিক-সারার।
এর আগে ‘আশিকী থ্রি’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে এক সাক্ষাতকারে কার্তিক বলেছিলেন, তিনি এই ছবির অংশ হতে পেরে দারুণ খুশি। ছোট বেলা থেকে ‘আশিকী’ দেখে বড় হওয়ায় ছবির তৃতীয় কিস্তির অংশ হতে পারাটা তার কাছে স্বপ্নের মতো।
১৯৯০ সালে মুক্তি প্রাপ্ত ‘আশিকী’ ছবির লিড রোলে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগারওয়াল, এই জুটিকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল এই ছবি। ২৩ বছর পর এই মিউজিক্যাল ছবির রিবুট ভার্সন আসে, ‘আশিকী ২’। যেখানে দর্শক দেখেছে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। এই ছবির মধ্য দিয়ে এই জুটিও ব্যাপক সাড়া ফেলে।
সূত্র: বলিউড লাইফ







