ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর দীর্ঘ সময় একা থাকলেও এখন তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বর্তমান সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত’। তিনি জানান যে, তারা দুজনেই এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং একে অপরের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
আমির ও গৌরীর এই রসায়ন এখন মুম্বাইয়ের টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রে রয়েছে। অভিনেতা জানান যে, তারা বর্তমানে একটি সুন্দর সময় পার করছেন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তারা ইতিবাচক। আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে আমির বলেন, ‘বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব।’
আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক’। অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে, সামাজিক আনুষ্ঠানিকতা বা আইনি স্বীকৃতির চেয়ে তাঁদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও প্রতিশ্রুতিই এখন তাঁদের কাছে মুখ্য। এর আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের নাম জড়ালেও সেই গুঞ্জন শেষ পর্যন্ত ধোপে টেকেনি।
আমিরের নতুন জীবনসঙ্গিনী ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী একজন নারী। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এক পুত্রসন্তানের জননী এবং বর্তমানে তিনি মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন।








