বিনোদন

প্রথম সিনেমা নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন নূরুজ্জামান

২৬ নভেম্বর থেকে শুরু জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৭ তম আসর

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন ব্যক্তি ক্যামেরা চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন ব্যক্তি ক্যামেরা চালাচ্ছেন এবং একটি পোস্টের অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার জাকার্তায় জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৭ তম আসর বসছে ২৬ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবে ‘এশিয়ান পারস্পেক্টিভ’ বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’।

নির্মাতা জানান, ২৭ নভেম্বর ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ‘আম কাঁঠালের ছুটি’র প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ নভেম্বর রাত ৮টায় থাকবে সিনেমাটির আরও একটি প্রদর্শনী। জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আগামী ২৫ নভেম্বর রাতে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

‘আম কাঁঠালের ছুটি’র একটি দৃশ্য

শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা তাদের সেই বয়সের যাপিত জীবন নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সাথে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।

নূরুজ্জামান বলেন, কারো সাথে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, তারই আখ্যান এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘আম কাঁঠালের ছুটি’র একটি দৃশ্য

নির্মাতা জানিয়েছেন, সিনেমাকার প্রযোজিত এই চলচ্চিত্রটির পিছনে রয়েছে দীর্ঘ সাত বছরের পরিশ্রম আর অধ্যবসায়ের গল্প। খুব ছোট একটি কারিগরী ইউনিট আর আনকোরা একদল অপেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে গাজীপুরের হারবাইদ সংলগ্ন প্রায় পঁচিশ-ত্রিশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লোকেশনে ধারণ করা এই চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি করেছেন নির্মাতা নিজেই, সাথে ছিলেন ম্যাক সাব্বির।

প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আরও ছিলেন ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।

বিষয়:আম-কাঁঠালের ছুটি আরিফ ছোটগল্প জুবায়ের লিয়ন শিশুতোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…