গনপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুতে দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামীর নাম মাহমুদুল হাসান রায়হান। এজাহারভুক্ত ৩ নম্বর আসামী তিনি।
রোববার ২২ সেপ্টেম্বর ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। এর আগে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে ২০ সেপ্টেম্বর সকালে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।










