২০২৬ সালের মধ্যে ৯০ শতাংশ একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক পরিহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিশ্বব্যাংকের প্রস্তুত করা ‘টুওয়ার্ড এ মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে ৩৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা হয়। প্লাস্টিক অ্যাকশন প্ল্যানে ২০২৫ সালের মধ্যে তা ৫০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। একই সাথে ২০৩০ সালে মধ্যে ৩০ শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন হ্রাস করা হবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্লাস্টিক বর্জ্য কমাতে থ্রি আর নীতি-(রিডিউজ, রিইউজ, রিসাইকেল) বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়।










