সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উদ্যোক্তা হতে আগ্রহী, বিনিয়োগ করতে চান বা ছোট প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, এমন ব্যক্তিদের এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী, খ্রিস্টান, হিন্দু সম্প্রদায় এবং তফসিলভুক্ত নারীদেরও প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়েছে। সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। তাঁদের সমস্যার সমাধান করে উন্নয়নের মূলধারায় যুক্ত করাই সরকারের লক্ষ্য।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিজেদের অধিকার ও দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের কথা বলতে হবে এবং অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। বৈষম্য দূর করে সব শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে আনতে সরকার কাজ করছে।
গত ১৫ থেকে ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ওই সময়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, গণতান্ত্রিক ও আমলাতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমান সরকারকে অনেক ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।
তিনি বলেন, নতুন যাত্রার অংশ হিসেবে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের ভাতা চালুর উদ্যোগ রয়েছে।
মির্জা ফখরুল বলেন, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রিদের পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।
দেশের নারী ক্রীড়াবিদদের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, মেয়েরা এখন জাতীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় সাফল্য অর্জন করছে। তাঁদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।








