ভারতের মুম্বাইয়ের সায়ন হাসপাতালে এক নারী ডাক্তারকে নেশাগ্রস্থ রোগীসহ তার সহকারীরা শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ আগস্ট)মদ্যপ অবস্থায় এক রোগী সেই নারী ডাক্তারের সাথে নির্যাতনের চেষ্টা করে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সায়ন হাসপাতালে চিকিৎসকরা জানান, আবাসিক চিকিৎসক ওয়ার্ডে কর্তব্যরত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সেই রোগী মুখে আঘাত নিয়ে হাসপাতালে আসেন। তখন সেই রোগী এবং তার সহকারীরা ডিউটিতে থাকা নারী ডাক্তারকে গালিগালাজ ও হুমকি দেন। এরপর রোগীসহ ৫ থেকে ৬ জন নেশাগ্রস্থ ব্যক্তি তাকে শারীরিক নির্যাতন করে। তিনি আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন।
এরপর রোগী ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই নারী ডাক্তার বর্তমানে সায়ন থানায় তার বক্তব্য দিচ্ছেন এবং একটি প্রাথমিক জিডি দায়ের করছেন।
সায়ন হাসপাতালের চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন বিএমসি এমএআরডি-এর চিকিৎসকরা বলেছেন, এই ঘটনাটি আবারও দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতির জন্য অবিলম্বে মনোযোগ দেয়া এবং সমস্ত হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা প্রয়োজন।







