ভারতের পশ্চিমবঙ্গ উত্তর ২৪ পরগনা জেলার বিরাটি স্টেশনে চলন্ত ট্রেনের মধ্যেই বাজারের ব্যাগে পাচারকালে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এবং যাত্রীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল।
আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
জানা যায়, উত্তর ২৪ পরগণা জেলার দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বাজারের ব্যাগ ভরে একটি এক বছরের শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। তা দেখেই বাকি যাত্রীদের সন্দেহ হয়। ওই মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তুলে সরব হন যাত্রীরা। এর পরেই বিরাটি স্টেশনে নেমে যাত্রীরা ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বেশ কয়েকজন রেল লাইনে নেমে বিক্ষোভ দেখান।
দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ওই ট্রেনের যাত্রীদের দাবি, অভিযুক্ত মহিলা ওই শিশুকে কোথাও থেকে চুরি করে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোটা ঘটনাটির নেপথ্যে বড় শিশু পাচারের চক্র রয়েছে বলেও তাদের অভিযোগ। এর পরেই বিরাটি স্টেশনে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।
এঘটনার ফলে ট্রেন চলাচল থমকে যায় কিছুক্ষণের জন্য। এর পর রেলপুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।






