রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ও ঢাকা উদ্যানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১ অক্টোবর) রোববার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাপাতি, ২টি ছোরা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি বসিলা ৪০ ফুট রাস্তা, ফিউচার হাউজিং, রাজধানী হাউজিং, বসিলা গার্ডেন সিটি, গ্রিন সিটি ও ঢাকা উদ্যান এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে ও প্রযুক্তির সাহায্যে এই পর্যন্ত ৩০-৩৫ জন অপরাধী শনাক্ত করেছে পুলিশ। অভিযান চালিয়ে এর মধ্য থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে তারা।
বাকিদের গ্রেপ্তারে অভিযান চলবে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক।








