বাংলাদেশের টিভি ধারাবাহিকের ইতিহাসে অন্যতম আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ফোর টুয়েন্টি’ (৪২০)। এর মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলদেশের রাজনীতিকদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেন হাস্যরসের মাধ্যমে, এবং তিনি সফল হন।
১৭ বছর আগে চ্যানেল আইয়ের জন্য নির্মিত নাটকটি তৎকালীন সময়ে বেশ সাড়া ফেলে। প্রায় দেড় যুগ পর ফারুকী ফিরছেন ‘৪২০’র স্বাদ নিয়ে! যদিও তিনি এটিকে ‘ফোর টুয়েন্টি’র ডাবলআপ বলছেন! এটির নামও রেখেছেন ‘৮৪০’! আর এটি নির্মিত হয়েছে সিনেমা হিসেবে! যার ট্যাগ লাইনে লেখা ‘দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’!
গেল শুক্রবার রাতে এলো ‘৮৪০’ এর ট্রেলার! তিন মিনিটের বেশী এই ট্রেলারটি বার বার যেন ‘৪২০’র কথাই মনে করিয়ে দিচ্ছিলো দর্শকদের! যদিও দেড় যুগ আগের সেই টিভি ধারাবাহিকটির সাথে কোনো যোগসূত্র নেই! তবু রাজনৈতিক স্যাটায়ার হিসেবে ‘৪২০’ এর পর অনন্য কিছু পেতে যাচ্ছেন বলেই মন্তব্য করছেন সিনেপ্রেমী দর্শক।
বড়পর্দার দর্শকদের জন্য ‘৮৪০’ মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে! ফারুকী জানিয়েছেন, আসছে শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি!
ছবিয়াল প্রোডাকশনের সাথে নির্মাণ সহযোগিতায় ট্রেলারে নাম রয়েছে দেশের খ্যাতনামা সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এর। ফারুকীর লেখা ও নির্মাণে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহপ্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, বিজরী বরকতউল্লাহ, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ দর্শকপ্রিয় মুখ।







