শিক্ষা

বাস চাপায় নিহত শিক্ষার্থীর পরিবার পেল ৮ লাখ টাকা ক্ষতিপূরণ

দুটি বাসের ছবি, স্কুল মাঠে পার্ক করা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাস স্কুল মাঠে পার্ক করা, বাসের সামনে গাছের ছায়া, বাংলাদেশে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে আটককৃত সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার ১১ ডিসেম্বর রাতে বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফির নেতৃত্বে সেলফি পরিবহন কর্তৃপক্ষের সাথে ঢাকা জেলার একাধিক উপাজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আলোচনায় বসেন। পরে কয়েক ঘণ্টা আলোচনা শেষে মালিকপক্ষ ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এসময়, ক্ষতিপূরণ বাবদ সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়ার কথা জানান উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর মালিকপক্ষ নগদ ৮ লাখ টাকা দিয়ে বাসগুলো ছাড়িয়ে নেয়। সরকারি ফান্ড থেকে আরো ৫ লাখ টাকা দেওয়া হবে ভুক্তভোগী পরিবারকে।

সেলফি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জালালউদ্দিন বলেন, আমরা উভয়পক্ষ আলোচনা করে সমস্যাটি সমাধান করেছি। নিহত রুবেলের বাচ্চার ভরণপোষণের দায়িত্ব কোম্পানি বহন করবে।

এর আগে, গত বৃহস্পতিবার রুবেল নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের ২৫ টি বাস আটক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীরা নিহতের পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করলে নাকচ করে দেয় মালিকপক্ষ। তবে শেষ পর্যন্ত নগদ ৮ লাখ টাকা ক্ষতিপূরণের বিনিময়ে ৫ দিন পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

বিষয়:ক্ষতিপূরণ জাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…