আন্তর্জাতিক

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নৌকায় বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকায় বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীর উদ্ধার কার্যক্রমের দৃশ্য, যেখানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপে পৌঁছানোর আশায় সমুদ্রপথে যাত্রা করা বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।

এএফপি জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে নৌকা দুটি শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এর আগে গ্রিসের এএনএ সংবাদ সংস্থা ৮৫ জনকে উদ্ধারের খবর দিয়েছিল। পরে কোস্টগার্ড নিশ্চিত করে, উদ্ধার হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা ৭৯।

সাম্প্রতিক সময়ে ক্রিট এবং এর কাছের গাভদোস দ্বীপ অভিবাসনপ্রত্যাশীদের গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোস দ্বীপের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার আশায় অনেক অভিবাসনপ্রত্যাশী এই বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করছেন।

এপথে অতীতে নৌকা দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবু যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ যাত্রায় বের হচ্ছেন বিভিন্ন দেশের মানুষ।

বিষয়:অভিবাসন গ্রিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…