এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) ও ১৬টি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দের আওতায় থাকা ১৬টি সম্পত্তি হচ্ছে-গুলশানের এস আলম টাওয়ারে ১০ তলা ভবন, ধানমন্ডিতে এক বিঘা জমিসহ ৬ তলা ভবন, ধানমণ্ডি লেক সার্কাসে ১১ দশমিক ৮৮ শতাংশ জমিসহ ৪ তলা ভবন, গুলশানের ২৬৫৮ বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান-২ এর প্লট দশমিক ৭৮৮৮ একর জমি, উত্তরা আবাসিক এলাকায় ৭ তলা ভবন, ভাটারা এলাকায় ১০৩ দশমিক ০৩ কাঠা জমির প্লটসহ বিভিন্ন এলাকায় জমি।
মঙ্গলবার দুদকের উপপরিচালক সিফফাত উদ্দীন এসব সম্পদ জব্দের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক দুদকের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।







