নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচনকে ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর সাতটি যুদ্ধ জাহাজ মোতায়েন থাকবে এবং নিয়োজিত থাকবে ৫ হাজার নৌবাহিনী সদস্য।
বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে নৌবাহিনীর প্রধান এই কথা বলেন।
এই নির্বাচনকে সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে নৌবাহিনীর সদস্যরা সবাই সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ আছে, তবে সন্ত্রাসীদের প্রতি কঠোর থাকবে নৌবাহিনী।
কুতুবদিয়ায় নৌবাহিনী প্রধান বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, অধিনায়ক র্যাব-১৫, কন্টিনজেন্ট কমান্ডার নৌবাহিনী এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







