আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘোর প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) প্রাদেশিক পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি এক বিবৃতিতে বলেছেন, ‘শুক্রবার প্রদেশটিতে আকস্মিক বন্যায় ৫০ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন ।
তিনি বলেন, বন্যায় প্রায় ২ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও হাজারো ঘরবাড়ি। কয়েক হাজার গবাদি পশু মারা গেছে। এতে হাজার হাজার হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে এবং শত শত সেতু ও কালভার্ট ভেসে গেছে। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ ।
বন্যার কারণে প্রদেশটির প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং তালেবানের কর্মকর্তারা জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে গত সপ্তাহে এমন আকস্মিক বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারায়।







