ভারতের গুজরাট আর পাকিস্তানের করাচি উপকূলের দিকে অগ্রসর হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ আছে আরও ২ জন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে ডুবে গেছে ৪ কিশোর। মুম্বাই পুলিশ জানিয়েছে, ২ জনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বাকি দু’জন। এছাড়াও গুজরাটের কচ্ছ এবং রাজকোট জেলায় প্রবল বৃষ্টি এবং ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ইতোমধ্যে ভারতের মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস বেড়ে গেছে। ভারত এবং পাকিস্তানের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ভারতে বেশ কয়েকটি এনডিআরএফ এবং এসডিআরএফ দল প্রস্তুত করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তানের করাচির মাঝামাঝি এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।







