চলতি বছর পবিত্র হজপালনের আগে ও পরে ৪৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন ও আরাফায় ১ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। এদের সকলেরই নানা ধরণের জটিল রোগব্যাধিতে আক্রান্ত ছিলেন।
পোর্টাল সূত্রে জানা যায়, সর্বশেষ গত ৫ জুলাই মারা যান রংপুরের মিঠাপুকুরের আবুল কালাম আজাদ (৬৫) ও ভোলার লালমোহনের রুহুল আমিন (৬২)। মারা যাওয়া ৪৫ জনের মধ্যে কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবার কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ বাংলাদেশি হাজি। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ২৬৭ জন হাজিকে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৯ হাজার ৬৮ জন হাজি। এ পর্যন্ত ২২১টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১২ ও সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট।
সরকারি মাধ্যমে হজের জন্য জমা দেওয়া অর্থ বেচে যাওয়ায় তা ফেরত দেওয়া হবে। সরকারি মাধ্যমের ৪৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেয়া হবে।
২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে। নভেম্বর মাসের আগেই প্যাকেজ ঘোষণা করা হবে। এবার খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।








