কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের ৩ শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু শিক্ষার্থী।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে।
নিখোঁজ হয়েছিলেন, চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হয়।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একজনের মরদেহ পাওয়া গেছে।







