নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার ৩১ মে সকাল সাড়ে ১১টার দিকে চল্লিশা বাইপাস এলাকায়, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পরে বাসটি চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন এবং আহত হন আরও তিনজন। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হক রয়েছেন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে আহত একজনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।








