নেপালের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে ফরাসি এক নাগরিক ও দুই নেপালি গাইডসহ তিনজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার বিদেশি পর্বতারোহী।
আজ (৪ নভেম্বর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই তুষারধসের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিখোঁজদের মধ্যে ফ্রান্স, কানাডা ও ইতালির নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
প্রথমদিকে স্থানীয় কর্তৃপক্ষ সাতজনের মৃত্যুর খবর জানালেও পরে তা সংশোধন করে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। উদ্ধার করা হয়েছে দুই ফরাসি ও দুই নেপালি নাগরিককে। এছাড়া আরও পাঁচ নেপালি স্বতন্ত্রভাবে নিচের বেস ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যদিও তাদের আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়।
ডোলাখা জেলার পুলিশ উপ-অধিক্ষক গ্যান কুমার মাহাতো বলেন, ইয়ালুং রি পর্বতের ১৮ হাজার ৪৭১ ফুট উচ্চতায় অভিযান চালাচ্ছিলেন ১৬ জন পর্বতারোহী। তুষারধসটি সরাসরি বেস ক্যাম্পে আঘাত হানে, যা ছিল প্রায় ১৬ হাজার ৭০ ফুট উচ্চতায়। উচ্চতার কারণে অক্সিজেনের ঘাটতি রয়েছে। উদ্ধারকাজ শুধুমাত্র প্রশিক্ষিত স্থানীয় গাইড ও পর্বতারোহীরাই করতে পারছেন। আবহাওয়াও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে পরিস্থিতি।
ইয়ালুং রি পর্বতটি নেপালের পূর্বাঞ্চলের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। এটি তুলনামূলকভাবে নবীন বা মাঝারি অভিজ্ঞতার পর্বতারোহীদের জন্য উপযুক্ত হিসেবে পরিচিত। গত সপ্তাহ থেকেই নেপালে আবহাওয়া খারাপ হতে শুরু করে। উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে; ফলে উদ্ধার অভিযান পায়ে হেঁটে চালাতে হচ্ছে।










