গেল সপ্তাহে মুক্তি পাওয়া তুমুল আলোচিত ও দর্শক নন্দিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ এবার দ্বিতীয় সপ্তাহেও দাপট অব্যাহত রেখেছে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে ঢাকার বাইরে যুক্ত হয়েছে নতুন আরো পনেরোটি সিনেমা হল। সব মিলিয়ে ১৩০টি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলছে ‘ঢাকা অ্যাটাক’।
সারা দেশেই ‘ঢাকা অ্যাটাক’-এর ব্যবসা সফলতার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজধানী শহরের প্রত্যেকটি সিনেমা হলে এখন পর্যন্ত হাউজফুল যাচ্ছে। আর এ বিষয়টি ধরা পড়েছে চ্যানেল আই অনলাইনের ক্যামেরাতেও।
১৩ তারিখ শুক্রবার রাজধানীর নীলক্ষেতে অবস্থিত বলাকা সিনেপ্লেক্সে সন্ধ্যার শো’টিও হাউজফুল ছিলো। সেখানে গিয়ে সাক্ষাৎ হয় ছবির নির্মাতা দীপঙ্কর দীপন, অভিনেতা এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদের সঙ্গে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে ছবির গল্প, দর্শকের রেসপন্স ও সারা দেশে ছবিটির সাফল্য নিয়ে কথা বললেন তারা। সেখানে তারা জানালেন, যে কারণে ছবিটি সারা দেশে সফল হচ্ছে তার কথাও।








