‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হচ্ছে।
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় পরিবেশ মেলা এবং মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিন, ৫৬টি জেলা সদরে সাত দিন এবং ২৯টি উপজেলায় তিন দিনের বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির ধারাবাহিকতায় বন অধিদপ্তর ইতোমধ্যে ৮৩ লাখ ৩২ হাজার চারা রোপণ করেছে, যা চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১৭ শতাংশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশজুড়ে সবুজায়ন সম্প্রসারণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।







