ষোড়শ সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের রায় সরকারের পক্ষে আসবে বলে প্রত্যাশা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন: আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা ইনশাল্লাহ কামিয়াব হবো।
সোমবার জাতীয় সংসদে ১৭ তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন: আমি এই সংসদে দাঁড়িয়ে বলেছিলাম- মামলার এক পক্ষ হিসেবে আমরা নিশ্চয়ই জিতবো। রায় দেওয়ার মালিক হচ্ছে আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনী মামলায় আমরা ইনশাল্লাহ কামিয়াব হবো।
এর আগে, ফখরুল ইমাম ষোড়শ সংশোধনীর রায় এবং এ সম্পর্কে সরকারের সর্বশেষ অবস্থান জানতে চেয়ে বলেন: হাইকোর্টের রায়ে সংসদকে অকার্যকর বলা হয়েছিল। হাইকোর্টে যেদিন রায় হয়েছিল, সেদিন আপনি বলেছিলেন-কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই জিতবো। এ বিষয়ে শেষের অবস্থান কী জানতে চাই।
এমপি নুরুল ইসলাম ওমরের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ধর্ষণ ও খুন করে হত্যার বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে রয়েছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি।
এ সংসদে নারী ও শিশু নির্যাতন আইন করা হয়েছে, সেখানেই এর কঠোর শাস্তির বিধান রয়েছে এবং দেশের সব জেলা আদালতের প্রসিকিউশনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে জোরালোভাবে নির্দেশ দিয়ে দিয়েছি।








