সাউথ আফ্রিকা সফরের আগে কিছুটা শঙ্কা জাগিয়েছিল মেহেদী হাসান মিরাজের চোট। কিন্তু বিসিবি জানিয়েছে, কোনও শঙ্কা নেই; মিরাজের চোট গুরুতর কিছু নয়। তার আঙুলে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তিন দিনের বিশ্রামে আছেন তিনি।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বাউন্সারে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মিরাজ। পরে বল করতে পারেননি অজিদের দ্বিতীয় ইনিংসের সময়।
বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘মিরাজের আঙুলে কোনো ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। তিন দিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। আশা করি এর মধ্যেই ব্যথা সেরে যাবে। সূক্ষ ফ্র্যাকচার থাকলে সেটি এক্স-রেতে ধরা পড়ে না।’ তিনদিন পর ব্যথা থেকে গেলে সিটি স্ক্যান করাতে হবে।’
প্রথমে বুড়ো আঙুলে আঘাতের কথা জানা গেলেও ডা: দেবাশীস জানান তর্জনীতেও আঘাত পেয়েছেন মিরাজ।
বাংলাদেশ দলের ১২ ক্রিকেটারর বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছে গেছেন। দুজন গেছেন কক্সবাজার বেড়াতে। কোচিংস্টাফ, দুই ক্রিকেটার ও অস্ট্রেলিয়া দল শনিবার সকাল সোয়া ৮টার ফ্লাইটে ঢাকা যাবেন।নিজ দেশের উদ্দেশে স্টিভেন স্মিথের দল রওনা হবে শনিবার রাতে। বাংলাদেশ দল সাউথ আফ্রিকা যাবে ১৬ সেপ্টেম্বর। ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা হতে পারে শনিবারের মধ্যেই….।








