গণতন্ত্রের শেষ চিহ্ন মুছে ফেলতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশেই রাঙামাটিতে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশে ভয়ঙ্কর দুঃশাসন টিকিয়ে রেখে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতেই আওয়ামী লীগে’র শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আওয়ামী সন্ত্রাসী ও গুণ্ডারা ন্যাক্কারজনক এ হামলা চালিয়েছে।গণবিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা বদলে গেছে। পতনের আশঙ্কায় আওয়ামী লীগ উদভ্রান্ত হয়ে গুণ্ডামীতে লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবদিক থেকে ব্যর্থ হয়ে, সবকিছু হারিয়ে এখন গুণ্ডার শাসন কায়েম করে টিকে থাকতে চায়। রাঙামাটিতে হামলা তার প্রত্যক্ষ প্রমাণ। এমন গুণ্ডামীর যিনি শীর্ষ নেতৃত্বে তার অধীনে কোনোভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না মন্তব্য করে রিজভী বলেন, এই গুণ্ডামী প্রমাণ করে শেখ হাসিনা নির্বাচনে ভোট কেড়ে নিতে গুণ্ডা ও সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির মনোভাব প্রকাশ সন্ত্রাসী ও গুণ্ডাদের জন্য সহায়ক বলে অভিযোগ করেন রিজভী।।








