ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের (গতকাল এবং আজ) দু’দিনে ভিপি পদের জন্য ৫ জন এবং সম্পাদক পদে ৮ জন মনোনয়ন তুলেছেন। কেন্দ্রীয় সংসদে এই দু’দিনে অন্যান্য পদ মিলিয়ে সর্বমোট ২০ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
বুধবার ১৩ আগস্ট দ্বিতীয় দিনে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গতকাল ডাকসু মনোনয়নপত্র গ্রহণ করেছে ৭ জন। যার মধ্যে ভিপি পদে ছিল ২ জন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৩ জন যার মধ্যে ভিপি পদে ৩ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। সেইসাথে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।







