পেজার বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার একদিন পরেই লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকিটকি বিস্ফোরণের কমপক্ষে ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানী বৈরুত, বেক্কা ভ্যালিসহ দেশটির দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় অঞ্চলগুলোকে।
একদিন আগে, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয় প্রায় তিন হাজার। পরে বুধবার ১৮ সেপ্টেম্বর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ৫ মাস আগে ওয়াকিটকিগুলো কিনেছিল হিজবুল্লাহ। কাছাকাছি সময় কেনা হয়েছিল পেজারগুলোও। ধারণা করা হচ্ছে, সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল ডিভাইসগুলোতে।








