চীনের সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করায় একটি কৌতুক দলকে ২ দশমিক ১ মিলিয়ন ডলার (১৪ দশমিক ৭ মিলিয়ন ইউয়ান) জরিমানা করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, কুকুরের আচরণকে সামরিক আচরণের সাথে তুলনা করেছিলেন দলটির একজন অভিনেতা।
কর্তৃপক্ষ জানায়, কৌতুক দল ‘সাংহাই জিয়াওগুও কালচার মিডিয়া কো’ এবং কৌতুক অভিনেতা লি হাওশি সেনাবাহিনীকে অপমান করেছে।
কৌতুক দলটি ইতিমধ্যে তাদের ওপর করা জরিমানা মেনে নিয়েছে এবং হাওশির সাথে তাদের চুক্তি বাতিল করেছে।
জানা যায়, বেইজিংয়ে একটি স্ট্যান্ড-আপ পারফরম্যান্সের সময় আপত্তিকর মন্তব্যটি করা হয়েছিল। হাওশি তার দত্তক নেওয়া দুটি কুকুরের প্রতি ইঙ্গিত করে বলেন, এই দুটি কুকুর আমাকে শুধু মনে করিয়ে দেয় ‘জেতার জন্য লড়াই করুন, অনুকরণীয় আচরণ তৈরি করুন’, যা দেশটির প্রেসিডেন্ট শি ২০১৩ সালে চীনা সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বলেছিলেন।
এই ঘটনার পর চীনের রাজধানী সাংহাইতে দলটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
অন্যদিকে হাওশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমি গভীরভাবে লজ্জিত এবং অনুতপ্ত বোধ করছি।










