দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
দুর্ঘটনায় নিহত জুহিন (২৩) নামে ট্রাক্টরচালকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জন হাসপাতালে রয়েছেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাস চালকের সহকারী বা যাত্রী, তার নাম ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পলাতক। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।








