মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলের অদূরে স্থানীয়রা ওই দু’লাশ ভাসেত দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তারা হলেন- মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ ও ঢাকা ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান।
চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসনাত জামান বলেন, দুর্ঘটনাস্থলের কাছেই লাশ দু’টি ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী তাদের খবর দেয়। পরে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। স্বজনদের কাছে মরদেহ দু’টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী এলাকায় পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের ট্রলারটি একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায়। ঘটনার পর পরই নারী-শিশু দু’জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ থাকে দু’জন। আজ সকালে নিখোঁজ ওই দু’জনের লাশ উদ্ধার হলো।







