রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন (৫৪) ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেন (৫০)।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির এই কর্মকর্তা জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
খিলগাঁও থানা জানায়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে চারটায় মেরাদিয়া বাজারের পশ্চিম পাশে শুকুর আলীর গার্মেন্টস মোড়ে অসংখ্য ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। ওই সময় হামলায় নিহত শহীদ ভুক্তভোগী ছাত্র আহাদুল ইসলামও এই আন্দোলনে অংশ নেন।
কিন্তু আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আহাদুল বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা মো. বাকের বাদী হয়ে ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিসি তালেবুর রহমান বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।








