বগুড়ায় চাঞ্চল্যকর প্রভাষক পারভেজ হত্যা মামলার মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ।
গতকাল (১১ সেপ্টেম্বর) সোমবার রাত ৯টায় র্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্নেলন করে সাংবাদিকদের একথা জানান র্যাব-১২ কোম্পানি কমান্ডার।
গত ২ সেপ্টেম্বর কৈচর বিএম টেকনিক্যাল এন্ড কারিগরি কলেজের প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ বগুড়ার শাজাহানপুরের সাবরুল এলাকা থেকে মোটর সাইকেলযোগে বগুড়া শহরে যাওয়ার পথে মাথাইল চাপর ফকিরপাড়া এলাকায় সন্ত্রাসীরা পারভেজের মোটর সাইকেলকে অটোরিক্সা দিয়ে ব্যারিকেড দেয়। এরপর দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথাড়িভাবে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় ।
এই ঘটনার পর নিহত প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজের স্ত্রী বাদী হয়ে শাজাহানপুর থানায় ৭ জনকে এজাহার নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।
এই মামলার মূলহোতা কিলার সাব্বিরকে রাজশাহী থেকে এবং অন্য আসামী আল আমিনকে বগুড়া সদরের কালিতলা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি উদ্ধার করে র্যাব।
শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃত সাব্বির এবং আল আমিনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে র্যাব।








