সাধারণ মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে দেয়া নৈতিকতা বিরোধী: সিপিডি

যেসব খাত থেকে সহজে ট্যাক্স আদায় করা যায় প্রস্তাবিত বাজেটে সেসব খাত থেকে রাজস্ব আহরণের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। কিন্তু যারা দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন তাদের দিকে নজর না দিয়ে সাধারণ মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে দেয়াকে নৈতিকতা বিরোধী বলেও উল্লেখ করেছেন তিনি।
সিপিডি’র বাজেট পর্যালোচনা শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের সামনে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সিপিডির বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।
এসময় তিনি প্রস্তাবিত বাজেটের আরো নানা দিক তুলে ধরে বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে কিছু জায়গায় বিভ্রান্তি রয়েছে। কিছু জায়গায় দুটি দলিলে একই তথ্য দুই রকম রয়েছে। ফলে সেটাও তৈরি করেছে বিভ্রান্তি।
তিনি জানান, এবারের বাজেটে প্রথম বারের মতো কী কী ধারণার উপর ভিত্তি করে করা হয়েছে সেটা বলা হয়েছে, যা প্রশংসনীয়। তবে সেই সব ধারণাগুলোরও কিছু বিষয়ে আমাদের সংশয় রয়েছে।
বাজেটে বলা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেটা কিভাবে সেটা বলা দরকার ছিল। রাজস্ব আয়ের বড় অংশ ধরা হয়েছে করদাতার থেকে প্রাপ্ত। সেই করদাতার সংস্থান কীভাবে হবে সেটাও উল্লেখ করা দরকার ছিলো বাজেট।
ঘাটতি বাজেটের কথা উল্লেখ করে সিপিডির ফেলো বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে উল্লেখিত ঘাটতি বাজেটের অংশটিকে মনে হয়েছে আয় ব্যয়ের হিসাবের অবশিষ্টাংশ।
সেখানে আয় ও ব্যায়ের হিসাব মেলাতে না পেরে তা ঘাটতি হিসেবে রেখে দেওয়া হয়েচে যেটা বৈদেশিক সহায়তা থেকে আসবে বলে উল্লেখ করা হয়েছে।
এবার যে পরিমাণ বৈদেশিক সাহায্যের কথা বলা হয়েছে, এতটা বৈদেশিক সাহায্য কখনো বাংলাদেশ ব্যবহার করেনি। এবারের প্রস্তাবিত বাজেট একটি পরাবাস্তব বাজেট হয়েছে।
বিস্তারিত দেখুন মাশরুর শাকিলের রিপোর্টে:






