পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৯ জনে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
আল জাজিরার তথ্য অনুসারে, গতকাল ৩০ মে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরার এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ৬৬ জনের মধ্যে ৬০ জন প্রাপ্তবয়স্ক এবং ৬ জন শিশু।
তিনি আরও জানান, বন্যার কারণে ৩০ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। জনসংখ্যার হিসেবে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার ৯৪২ জন।
কর্তৃপক্ষ বলছে, মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচে পড়ে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
কেনীয় সরকার ঘোষণা করেছে, তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হাসপাতালের সব খরচ বহন করবে। এছাড়া ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।







