ভারতে সেতু ভেঙে নীচে পড়ল যাত্রীসহ বাস, নিহত ১৫

বাসটি সেতু থেকে নিচে পড়ে গেছে, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন, আহত ও নিহতের সংখ্যা বাড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের মধ্যপ্রদেশের খারগোনে আজ মঙ্গলবার একটি বাস সেতু ভেঙে নীচে পড়ে গেলে বাসে থাকা ১৫ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ২০ জন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ৪০ জন আরোহী নিয়ে বাসটি ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি (প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা), গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি (প্রায় ৬৬ হাজার টাকা) এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি (প্রায় ৩৩ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি (প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকা) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।






