বাংলাদেশ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সংগৃহীত

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বার্তা সংস্থা বাসস জানায়, নতুন পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ সৃজন করা হয়েছে। এসব পদের ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে। নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের শর্ত এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে।

নতুন অনুমোদিত ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে গ্রেড-১৭-তে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি দেয়। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।

এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন আবেদন করেছেন।

চলমান নিয়োগে আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ অনুমোদন বাংলাদেশ পুলিশ মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…