লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও জানানো হয় দক্ষিণ বৈরুতে হামলা হয়েছে। এই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এই হামলায় হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। তাকে টার্গেট করেই এই হামলা করা হয়েছিল বলে জানায় আইডিএফ। আইডিএফের এক মুখপাত্র বলেন, ইব্রাহিম আকিল হিজবুল্লাহর বিশেষ গ্রুপের প্রধান ছিলেন। তিবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি হিজবুল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণে কমপক্ষে ৫২টি হামলা চালিয়েছে ইসরায়েল। জাবাবে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। এই ঘটনার পরই লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটে।








